ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬:
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে রাজধানী ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে ‘ক্যানসার পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এবং সহযোগিতা করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল।
এবারের বিশ্ব ক্যানসার দিবসের প্রতিপাদ্য ছিল— “ইউনাইটেড বাই ইউনিক”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. হাবিবুর রহমান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের।
সভাপতির বক্তব্যে ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, “প্রতিটি ক্যানসার রোগীর অভিজ্ঞতা স্বতন্ত্র। তাঁদের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা ও প্রাপ্ত সমবেদনা একেক জনের জন্য একেক রকম। তাই ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতা ফোরামের পক্ষ থেকে ক্যানসার সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ১০ জন সাংবাদিককে ‘গণমাধ্যমের সহযোদ্ধা’ হিসেবে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। স্মারকপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন— সমাজকাল নিউজ পোর্টালের প্রতীক ইজাজ, প্রথম আলোর পল্লব মোহাইমেন, আমার দেশের বিউটি আকতার, মোহনা টিভির সুরাইয়া মুন্নি, দেশ রূপান্তরের তাপসী রাবেয়া আঁখি, কালের কণ্ঠের শিমুল মাহমুদ নাঈম, ডেইলি সানের মোহাম্মদ আল আমিন, সাপ্তাহিক পঙ্ক্তির জান্নাতুল ফেরদৌস পান্না, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশাখা দেবনাথ এবং আমার দেশের মো. আজাদুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. সাঈদ উজ-জামান অপু, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোসাররত সৌরভ, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডা. সৈয়দ হুমায়ন কবির, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাশহুদা খাতুন, হীলের প্রতিষ্ঠাতা জেবুন্নেসা, গণস্বাস্থ্য বেসিক কেমিকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম জামাল উদ্দিন আহমেদ, সিওসি ট্রাস্টের ট্রাস্টি ও প্রধান নির্বাহী ইকবাল মাহমুদ, রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান এবং জ্যেষ্ঠ সাংবাদিক নাদিরা কিরণ।
বক্তারা ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।