ঢাকা, ৫ ফেব্রুয়ারি:
রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ওই বাসায় গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রতিবেশীদের বরাতে পুলিশ আরও জানায়, পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল বলে জানা গেছে। এ ঘটনায় কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি একেএম আলমগীর জাহান জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।