
রমজান: আত্মার পরিশুদ্ধির মাস
(ইকবাল জিল্লুল মজিদ)
পর্ব–১ : সিয়াম আত্মশুদ্ধির প্রথম দরজা
রমজান এমন এক মাস, যা মানুষের দেহ, মন ও আত্মাকে একসাথে শুদ্ধ করার সুযোগ এনে দেয়। এটি শুধু না খাওয়া বা না পান করার একটি নিয়ম নয়; বরং এটি আত্মার গভীরে আলো জ্বালানোর এক বিশেষ সময়। আল্লাহ তাআলা আল-কুরআন এ ঘোষণা করেছেন, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা মুত্তাকি হতে পার।” (২:১৮৩)। এই আয়াতেই স্পষ্ট যে রমজানের মূল লক্ষ্য ক্ষুধা নয়, বরং তাকওয়া অন্তরের সেই জাগরণ, যেখানে মানুষ আল্লাহকে সর্বক্ষণ অনুভব করে।
রোজা আমাদের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়। মানুষের ভেতরে এমন এক প্রবণতা কাজ করে, যা সবসময় ভোগ, আরাম ও তৃপ্তি চায়। রমজানে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও হালাল খাদ্যও ত্যাগ করি। এই স্বেচ্ছা সংযমই আত্মশুদ্ধির সূচনা। যখন কেউ একা ঘরে থেকেও পানি পান করে না, তখন সে প্রমাণ করে তার ভেতরে আল্লাহভীতি জেগে উঠেছে। এই ভেতরের সতর্কতাই তাকওয়া।
রাসূলুল্লাহ বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার শুধু পানাহার ত্যাগ করার প্রয়োজন আল্লাহর নেই।” সহিহ বুখারি। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, রোজা কেবল বাহ্যিক সংযম নয়; এটি জিহ্বা, চোখ, মন ও আচরণের শুদ্ধতা। যদি রোজা আমাদের চরিত্রে পরিবর্তন না আনে, তবে তার প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না।
রমজান দেহ ও আত্মার সম্পর্ককেও নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। দেহ ক্ষুধার্ত হলে আত্মা জেগে ওঠে। যখন পেট খালি থাকে, তখন অন্তর বেশি সংবেদনশীল হয়; মানুষ বেশি বিনয়ী হয়, বেশি কৃতজ্ঞ হয়। ধনী মানুষও তখন ক্ষুধার কষ্ট অনুভব করে, যা তাকে দরিদ্রের প্রতি সহানুভূতিশীল করে তোলে। এই অনুভূতি আত্মাকে নম্র ও পরিশুদ্ধ করে।
রমজান কোরআনের মাস। আল কুরআন-এ বলা হয়েছে, “রমজান মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথনির্দেশ হিসেবে।” (২:১৮৫)। কোরআনের তিলাওয়াত ও চিন্তন হৃদয়ের অন্ধকার দূর করে। মানুষ নিজের ভুল, অহংকার ও দুর্বলতা উপলব্ধি করতে শেখে। এই উপলব্ধিই আত্মার পরিশুদ্ধির প্রকৃত শুরু।
সর্বোপরি, রমজান আমাদের শেখায় সংযমই শক্তি, ধৈর্যই সৌন্দর্য, আর আত্মনিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা। যদি আমরা রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারি, তবে এই মাস শেষে আমরা শুধু একটি রোজা পূর্ণ করবো না; আমরা একটি নতুন, পরিশুদ্ধ ও আলোকিত আত্মা নিয়ে জীবনের পথে এগিয়ে যাবো।
সংগ্রহ – আমির হোসেন