মা
— মাজেদ চৌধুরী
তুমি আমার প্রথম সকাল
ঘুম ভাঙানো পাখী,
মধুমাখা ‘মা’ বলে
এখন কাকে ডাকি।
কোথায় আমার সকালের চা
মশলা দেয়া পান,
যখন তখন গেয়ে উঠা
ভাঙা গলায় গান।
তুমি আমার রহমত বরকত
শ্যামল শীতল ছায়া,
তুমি বিনে শূন্য ভুবন
মিছে স্নেহ মায়া।
নীলে ভরা আকাশ যেন
বড্ড ফিকে লাগে,
মধুর আমার মায়ের হাসি
নিত্য মনে জাগে।