প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
কমলিকার কাব্য/ সাঈদা আজিজ চৌধুরী
নিশি জাগার সাথী,পার হয়ে মরু নদী
ফিরেছে লাইলী,মজনু খোলেনি আঁখি
শূন্য হৃদয়-পদ্ম দোলে প্রচ্ছন্ন আঁধারে
গভীর তমসায় নিমগ্ন শতাব্দী।
ব্যথার দানে নির্মল অবগাহনে স্বপনচারী
অস্ত-আকাশে এখনো নিশিরাতে
মালবিকার অশ্রুমালা অনন্ত বকুল
গন্ধ বিধূর ধূপ গুবাক তরুর সারি।
আকাশ অলিন্দে হংস-মিথুন সাঁতার
মুক্ত সরোবর সমুদ্র কান্তার।
ঘুম ভাঙা ভোরে ধুমকেতু দহনে
বঙ্গ-ভূমি ভারাক্রান্ত রিক্তের বেদনে।
কুঞ্জবনে বিরহী পাপিয়ার অগ্নিবীণা
চরণ থেমে যায় মুমূর্ষু ব্যথায়
মৃত্যুক্ষুধায় অশ্রুসজল সঞ্চিতা
উন্নত শিরে মাটির মায়ায় শব্দ-সেনা।
সিন্ধুজলে বিসর্জন সাম্যের গান
বেদনার লৌহ কপাটে আত্মদান।
শুকনো পাতার নূপুর ছন্দহীন বেমানান
স্যাঁতস্যাঁতে শ্যাঁওলায় বর্ণমালা অর্ধ-চেতন।
চঞ্চল আঙুল নড়ে কী-বোর্ড ছন্দে
সংস্কৃতির অবস্থান প্রতিকূল দ্বন্দ্বে।
কমলিকারা মুক্তির মর্মে বনফুলের নিঃশ্বাস
অবক্ষয়ের পৃথিবী হাঁটে নিষিদ্ধ গন্ধম প্রয়াস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত