ঢাকা, ২২ মে ২০২৬ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন দেশ নাট্যদল আয়োজন করে “শান্তি ও মানবতার কবি নজরুল” শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নজরুলের উপাখ্যানভিত্তিক নাটক “পাবলিসিটি” মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বেইলী রোডস্থ নীলিমা ইব্রাহীম মিলনায়তন-এ। এতে সাহিত্য, সংস্কৃতি ও নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নজরুলপ্রেমী দর্শক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ নাট্যদল ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সম্মানিত উপদেষ্টা কবি, প্রাবন্ধিক এটিএম ফারুক আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। বর্তমান সময়েও তার সাহিত্য ও দর্শন সমাজকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষ পত্রিকার যুগ্ম সম্পাদক এবং বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের চেয়ারম্যান আতা উল্লাহ খান। তিনি নজরুলের সাহিত্য, সাংবাদিকতা ও গণমানুষের প্রতি তার দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।
আরো উপস্থিত ছিলেন দেশ নাট্যদলের সম্মানিত উপদেষ্টা ও জাতীয় নারী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী। তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে দর্শকদের জন্য মঞ্চস্থ করা হয় নজরুল ইসলামের উপাখ্যান নাটক “পাবলিসিটি”। নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা নজরুলের সাহিত্য, সংগীত ও নাট্যচর্চার ধারাকে এগিয়ে নিতে এমন আয়োজনের প্রশংসা করেন।