সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের বিশেষ মেধা পুরস্কার, ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নব-সংযোজিত ‘হিফযুল কোরআন’ বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২১ মে (বৃহস্পতিবার) সকাল ৯:০০ টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক এইচ.এম.জুনাইদুল ইসলামের সুনিপুণ সঞ্চালনায় ও জলিল টেক্সটাইল জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাফর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব সিরাজুদ্দৌলা সাহেব। নব-সংযোজিত হিফযুল কোরআন বিভাগের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর ১নং জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা নূরুল আনসার সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আব্দুস সালাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোলাইমান সাহেব, ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব এ বি এম কামরুল ইসলাম, মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব ইমাম হোসেন, জনাব শামসুল আলম এবং ক আ শহিদুল আকবর মানিক। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলিল টেক্সটাইল জামে মসজিদের সম্মানিত সদস্য বাবুল হক এবং এস.এ. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটানো আজকের যুগের সবচেয়ে বড় প্রয়োজন। হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসা সেই দায়িত্বটি অত্যন্ত সফলভাবে পালন করে আসছে।" নতুন হিফয বিভাগের উদ্বোধনকে স্বাগত জানিয়ে তারা আশা প্রকাশ করেন, এই বিভাগ এলাকায় কোরআনে হাফেজ গড়ার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে আলহাজ হাসান মোল্লা বলেন, "আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করা নয়, বরং নৈতিকতাসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা। অভিভাবকদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা আমাদের আগামীর পথচলাকে আরও বেগবান করবে।"
আয়োজনের বিশেষ পর্বে, মাদ্রাসার উন্নয়ন ও পরিচালনায় বিশেষ অবদান রাখায় সম্মানিত পরিচালকগণকে এবং স্ব স্ব ক্ষেত্রে অনন্য কৃতিত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষকদের মাঝে বিশেষ 'সম্মাননা স্মারক' প্রদান করা হয়।
এরপর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় প্রতিটি শ্রেণিতে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ 'মেধা পুরস্কার' তুলে দেওয়া হয়। একই সাথে ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অনন্য গৌরব বয়ে আনা কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান এবং ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকা সকল শিক্ষার্থীর উৎসাহ বাড়াতে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে চলতি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং বিশ্বমানবতার কল্যাণ ও মাদ্রাসার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।