
ঋতুর পরিবর্তন হয়,মানুষের নয়”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
শীত ফুরিয়ে বসন্ত, অপেক্ষা আসার,
লেপ তোষক গুটিয়ে,ধনীর সংসার,
গরীবের ছেঁড়া বস্ত্রে,সম্পদ কাঁথার,
কে খোঁজ রাখে তাদের,শীতের ব্যথার!
শীতের কম্বল চৈত্রে,দেয় সরকার,
ভুক্তভোগী হতভাগা,করে দরবার,
অসহায় মানুষের, মরে পরিবার,
দরিদ্রের দৈন্যদশা,চির আকছার।
শীত উপভোগে ধনী,পোষাকে বাহার,
শীততাপ নিয়ন্ত্রিত,নিস্তাপ খরার,
চর্ব্য চোষ্য লেহ্য পেয়,তাদের আহার,
গুগলি শামুক খোঁজে,দীন বিলধার।
কর্মহীন মানুষের, মৃত্যু অনাহার,
স্বাধীনতার পরেও,কার দায় ভার?