
একুশের অমল শিখা
— এইচ.এম. জুনাইদুল ইসলাম
ফালগুনী সেই দিনের কথা
স্মৃতিতে অম্লান,
বুকের তাজা রক্ত দিয়ে
রচিল জয়গান।
সালাম রফিক শহীদ স্মরণে
মস্তক অবনত,
ভাষার তরে দিলেন তারা
জীবন অবিরত।
অ আ ক খ বর্ণমালার
অপূর্ব এক টান,
মায়ের মুখের মধুর বুলি
জুড়ায় প্রিয় প্রাণ।
শহীদ মিনার দাঁড়িয়ে রয়
স্মৃতির মিনার হয়ে,
একুশ চির জাগরূক থাকে
অমর কাব্য বয়ে।
বাঙালির এই বর্ণিল ভাষা
বিশ্বে আজ হাসে,
মায়ের বুলি আলোক হয়ে
ছড়ায় চারিপাশে।