
রাশেদ কবীর: রাজধানীর পূর্বাচলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেড (বিআরইসি)-র ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। নতুনের বারতা, সম্ভাবনার গল্প এবং আগামীর আশা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি এ কে এম ফজলুল হক মিলন, নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর এবং ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা দেশের শিল্প, ঐতিহ্য ও ব্যবসাকে সঙ্গী করে আবাসন খাতকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটকালীন সময়ে আবাসন ব্যবসায়ীরা কীভাবে পরিস্থিতি সামাল দিয়ে টিকে থাকতে পারেন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুরো উৎসব প্রাঙ্গণ মুখরিত ছিল দেশীয় ঐতিহ্যের নানা আয়োজনে। মুড়ি-মুড়কি ও বিভিন্ন দেশীয় খাবারের পাশাপাশি অতিথিদের জন্য ছিল ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। এ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে নতুন বাংলা বছরকে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেড (বিআরইসি)-র সদ্য বিদায়ী প্রেসিডেন্ট নাসির মজুমদার। এ সময় পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এএসএম সায়খুল ইসলাম এফসিএমএ, এস এম ইমদাদ হোসেন, সৈয়দ পারভেজ রেজা লতিফ, মৌসুম ইসলাম, ইঞ্জিনিয়ার এস এম পলাশ, মোহাম্মদ মনির হোসেন, এস এম হাবিবুর রহমান, শাহ আলম মোল্লা, শেখ আবুল হাশেম, ইঞ্জিনিয়ার মোহসিন সেলিম এবং এ কে এম মিজানুর রহমান এফসিএ।
আবাসন খাতের এই মিলনমেলায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় দেশের আবাসন শিল্প সকল বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।