
রাশেদ কবীর: সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের এই জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য, সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানাজা শেষে সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এক বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যবসায়িক জীবন উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে তিনি অত্যন্ত দক্ষতার সাথে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতেও তাঁকে আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দেশের রাজনৈতিক ও শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।